back to top

হাদি হত্যা : চার্জশিট শুনানির তারিখ ১৫ জানুয়ারি

প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬ ১০:৫৭
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় চার্জশিট গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ধার্য করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানির এ দিন ধার্য করেন।

পাশাপাশি এ মামলায় রাষ্ট্রপক্ষকে সহযোগিতার জন্য বাদীপক্ষে তিনজন আইনজীবী নিয়োগের আবেদন মঞ্জুর করেন আদালত। নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা হলেন— সিনিয়র আইনজীবী আব্দুস সোবহান তরফদার, ব্যারিস্টার এস এম মইনুল করিম এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুল।

এদিন সকাল ১১টার দিকে আদালতে আসেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এ সময় ফাতিমা তাসনিম জুমা, শান্তা আক্তারসহ আরও অনেকে আদালতে উপস্থিত ছিলেন।

পরে মামলার বাদী আব্দুল্লাহ আল জাবের আদালতের কাছে আইনজীবী নিয়োগের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আদেশ দেন।

এ সময় বাদীপক্ষের আইনজীবীরা চার্জশিট পর্যালোচনার জন্য দুই দিন সময় চান।

পর্যালোচনা শেষে আগামী বৃহস্পতিবার তারা চার্জশিট গ্রহণ বা নারাজির বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলে জানান। পরে আদালত তাদের আবেদন গ্রহণ করে চার্জশিটের গ্রহণযোগ্যতা শুনানির জন্য আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেন।
শুনানি শেষে আইনজীবীরা সাংবাদিকদের বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি বলতেন, ‘আমার শত্রুর সঙ্গেও ন্যায়বিচার চাই।’ সেই কথাকে সামনে রেখে আমরা এ মামলার চার্জশিট আরও গভীরভাবে পর্যালোচনা করতে চাই, যেন কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি না পান।