চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়া এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার সংবাদে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় দিকে এই অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।
অভিযানে মাটি কাটার প্রমাণ পাওয়া গেলেও এসময় সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও মাটি বহনের ৩ ডাম্প ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।
এ সময় লোহাগাড়া থানা পুলিশের সদস্য, আনসার সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে অভিযানে যাই।
প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে মাটি খেকোরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাই কাউকে আটক করা যায় নি।
এ সময় ঘটনাস্থল থেকে একটি স্কেভেটর ও তিনটি ডাম্প ট্রাক জব্দ করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



