আফরান নিশো ও পূজা চেরীর একটি শুটিং দৃশ্য সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়েছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও বিতর্ক।
মাত্র ২৪ সেকেন্ডের একটি ভিডিও ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।
জানা গেছে, পাবনার ভাঙ্গুড়ায় সিনেমা ‘দম’-এর শুটিং চলাকালে ধারণ করা ওই ভিডিওটি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফাঁস হওয়া ফুটেজে আফরান নিশো ও পূজা চেরীকে একসঙ্গে একটি দৃশ্যে অভিনয় করতে দেখা যায়।
শুটিংয়ের ভিডিও প্রকাশ পাওয়াকে কেন্দ্র করে উঠেছে গোপনীয়তা ও নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন। শুটিং সেটে উৎসুক জনতার ভিড় থাকায় ভিডিওটি কিভাবে ছড়িয়ে পড়ল, তা নিয়েও আলোচনা চলছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিষয়টিকে অপেশাদারি বলে সমালোচনা করছেন। আবার কেউ কেউ মনে করছেন, এটি সিনেমার প্রচারণার অংশ হিসেবেও হতে পারে।
এক নেটিজেন মন্তব্য করেন, ‘এ ধরনের ভিডিও ধারণ ও প্রচার করা অপেশাদারি, এতে মিডিয়ার মান ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠে।’ আরেকজন লেখেন, ‘এসব টিম থেকেই লিক করা হয় নিজেদের বেনিফিটের জন্য।’
তবে কেউ কেউ মনে করছেন, এগুলো পরিকল্পিত প্রচারণার অংশ। এক নেটিজেন লেখেন, ‘এগুলোও প্রমোশনের কৌশল।’ আরেকজনের মন্তব্য, ‘এটা রনির প্রচারণার স্ট্র্যাটেজি।’
উল্লেখ্য, রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে আফরান নিশো ও পূজা চেরীকে। ছবিতে আরো অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।



