back to top

বাংলাদেশ না খেললে সেটা ভারতের জন্য বড় ব্যর্থতা

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬ ১৩:০৬

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় অবস্থানে বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, বাংলাদেশের মতো ক্রিকেট জনপ্রিয় একটা দেশ যদি বিশ্বকাপ না খেলে সেটা আয়োজক দেশ হিসেবে ভারতের বড় ব্যর্থতা হবে।

ভারতীয় উগ্রপন্থীদের দাবিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা জানায় বিসিবি। ভারতের বদলে বাংলাদেশের ম্যাচগুলো বিশ্বকাপের বিকল্প ভেন্যু শ্রীলংকায় সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে আসছে বিসিবি।

বিষয়টি নিয়ে বিসিবির সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছে আইসিসি। গতকাল আইসিসির জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়- বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে। ভারতে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। বিশ্বকাপ খেলা বা না খেলার বিষয়ে সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে ১ দিন সময় বেঁধে দেওয়া হয়।

আজ বিশ্বকাপ দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার অনড় অবস্থানের কথা জানিয়ে দেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।

আইসিসির এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন আমিনুল। বলেছেন, এখনো বিশ্বকাপ খেলার আশা করছে বিসিবি। বিসিবির প্রত্যাশা বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় আয়োজনের সিদ্ধান্ত নিক আইসিসি।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘একটা বৈশ্বিক সংগঠন এভাবে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিতে পারে না। আমরা লড়াই চালিয় যাবো।’

বিসিবি সভাপতি বলেন, ‘ক্রিকেট বড় হচ্ছে, ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে ২০২৮-এ, ৩২-এ ব্রিসবেন হোস্ট করছে, ৩৬-এ ভারত অলিম্পিক আয়োজনের চেষ্টা করছে, কমনওয়েলথ গেমস তারা বিড করছে। সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট প্রেমী দেশ (বাংলাদেশ) না যায়, এটা মনে হচ্ছে যে আয়োজক দেশের জন্য একটা ব্যর্থতা।’