চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে পিটিয়ে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কথা কাটাকাটির জেরে এ খুনের ঘটনা ঘটেছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার আমিন জুট মিল এলাকার মিদ্যাপাড়ায় এ ঘটনা ঘটেছে।
নিহত খোরশেদ আলম (৪০) নগরীর বায়েজিদ বোস্তামি থানার রউফাবাদ এলাকার বাসিন্দা।
খোরশেদকে লাঠি দিয়ে পেটাতে পেটাতে হত্যার একটি ভিডিও বুধবার রাতেই ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সামশুল আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির জানান, তিনজন ব্যক্তি মিলে লাঠি দিয়ে পেটাতে পেটাতে খোরশেদ আলমকে গুরুতর আহত করে নিস্তেজ অবস্থায় রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘আগে থেকে কোনো শত্রুতা ছিল কী না, এখনও জানতে পারিনি। তবে প্রাথমিকভাবে জেনেছি, আকস্মিক কথা কাটাকাটি শুরু হয় খোরশেদ ও গ্রেফতার সামশুল আলমসহ তিনজনের মধ্যে। এরপর তিনজন মিলে তাকে মারধর শুরু করেন। কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে সেটা এখনও জানি না।’


