back to top

লাখ লাখ নেতাকর্মী পলোগ্রাউন্ড মাঠে, প্ল্যান শোনাবেন তারেক রহমান

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬ ০৬:২২

পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশ লাখ লাখ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ।  

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে নতুন বাংলাদেশ বিনির্মানে তার প্ল্যান শোনাবেন। ইতোমধ্যে তিনি পলোগ্রাউন্ড মাঠের সমাবেশে উপস্থিত হয়েছেন ।

রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকেই চট্টগ্রাম মহানগর ও আশপাশের জেলা-উপজেলা থেকে দলে দলে নেতা-কর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো পলোগ্রাউন্ড এলাকা।

নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণ সমাবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে সমাবেশস্থলে।

মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ে বিভক্ত করা হয়েছে-রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন। মঞ্চকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে কেবল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন।

মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিকদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে এবং নারীদের জন্য থাকবে আলাদা ব্লক। পুরো পলোগ্রাউন্ড মাঠকে গ্রিন জোন হিসেবে রাখা হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, পলোগ্রাউন্ড মাঠে জনসমাবেশে ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশাবাদী।

শুধু দলের নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নেবেন। জনসমাবেশ ঘিরে চট্টগ্রামজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মানুষের ঢল নামবে পলোগ্রাউন্ড মাঠে।