back to top

চট্টগ্রামে সমাবেশে যোগ দিতে গিয়ে ভিড়ের চাপে ২ কর্মী আহত

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬ ০৯:০৮

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়েজিত বিএনপির জনসমাবেশে যোগ দিতে গিয়ে ভিড়ে চাপা পড়ে দুই কর্মী আহত হয়েছেন।

আজ রবিবার (২৫ জানুয়ারি) দুপুর একটার দিকে ঘটনাটি ঘটে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিতকরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নুরুল আলম আশিক বলেন, দুপুর একটার সময় কোতোয়ালি থানাধীন পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে জনগণের ভীড়ে চাপা পড়ে আহতাবস্থায় দুজনকে চমেক হাসপাতালে আনা হয়।

আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম রাকিব (২৫)। তিনি নগরের চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার করিমের ছেলে। আহত অন্যজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে দীর্ঘ দুই দশক পর দলের প্রধান হিসেবে তারেক রহমানের বক্তব্য ও দিক নির্দেশনা শুনতে রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকেই চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা।

কেউ পায়ে হেঁটে, কেউ আবার মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। দীর্ঘ প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন ও মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

সমাবেশস্থল ও আশপাশের এলাকা ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায়।

এর আগে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের মাটিতে পা রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৭ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে যান এবং সেখানে রাত্রিযাপন করেন।

দলীয় সূত্র জানায়, রোববার সকালে তিনি তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেন। এরপর তিনি পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশে যোগ দেন। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।