বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ের শক্তিবৃদ্ধিকরণ এবং পারকি পর্যটন সুবিধা উন্নয়ন প্রকল্পসহ ২৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়।
২৫টি উন্নয়ন প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, বৈদেশিক ঋণ ৩২ হাজার ১৮ কোটি ৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা।
রবিবার (২৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শের-ই-বাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নতুন ১৪টি, সংশোধিত ৬টি এবং মেয়াদ বৃদ্ধি করা ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে।
এগুলো হলো— রাঙ্গামাটি (মানিকছড়ি)-মহালছড়ি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং মুন্সীগঞ্জ সড়ক বিভাগাধীন তিনটি আঞ্চলিক ও একটি জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ‘স্যানিটেশনে নারী উদ্যোক্তা’ এবং কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ-পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ স্থাপনা নির্মাণ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় নির্মাণ করা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের অধীনে দোহাজারী-রামু-কক্সবাজার হয়ে মিয়ানমার সীমান্তের গুনদুম পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন পেয়েছে।
স্বাস্থ্য খাতে বড় প্রকল্প হিসেবে উত্তরাঞ্চলের মানুষের জন্য ১ হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী সাধারণ হাসপাতাল স্থাপন এবং স্বাস্থ্য ও পুষ্টি সেবা উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
শিক্ষা ও যুব খাতে ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এবং বিদ্যালয় বহির্ভূত শিশুদের বিকল্প শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প রয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্পে নদীভাঙন রোধ, ড্রেজিং, রাবার ড্যাম নির্মাণ ও আড়িয়াল বিল এলাকার সমন্বিত পানি ও ভূমি ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১০টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়।
এসব প্রকল্পের মধ্যে সরকারি কলেজ উন্নয়ন, বিইউপি উন্নয়ন, ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ এবং সৈয়দপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।



