চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ১১ দলীয় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের সিদ্ধান্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বোয়ালখালী উপজেলায় দলটির উদ্যোগে রবিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা মন্তব্য করেন, ডা. আবু নাসেরের সমর্থনে আয়োজিত ‘এনসিপি বয়কট’ স্লোগান প্রদানের ঘটনা রাজনৈতিকভাবে দায়িত্বজ্ঞানহীন ও জোটের ঐক্যের পরিপন্থী।
সংবাদ সম্মেলনে এনসিপির বোয়ালখালী উপজেলার প্রধান সমন্বয়কারী কাজী ইয়াছিন লিখিত প্রেস বিজ্ঞপ্তি পাঠ করে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্ত অনুযায়ী এনসিপিকে চট্টগ্রাম-৮ সহ ৩০টি আসনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। তবে কিছু আসনে জোটের শর্ত লঙ্ঘনের ঘটনা লক্ষ্য করা গেছে।
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে এনসিপি কেবল চট্টগ্রাম-৮ আসনে অংশ নেবে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর অন্য জোটের শরিকরা সরে দাঁড়ালেও, জামায়াতের প্রার্থী ডা. আবু নাসের মনোনয়ন প্রত্যাহার করেননি।
এ পরিস্থিতিতে বোয়ালখালীতে তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবেই জোটের প্রার্থী জোবাইরুল আরিফের বিরুদ্ধে মিছিল আয়োজন করা হয় এবং ‘এনসিপি বয়কট’ স্লোগান দেওয়া হয়।
এনসিপির নেতারা বলেন, এটি জোটের ঐক্যের পরিপন্থী এবং জুলাইয়ের ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তির ক্ষতি করে।
তারা জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব ও এনসিপির উচ্চ নেতৃত্বের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন—চট্টগ্রাম-৮ আসনটি আনুষ্ঠানিকভাবে এনসিপিকে বরাদ্দ দেওয়া হয়েছে কি না এবং তা বাস্তবে সম্মান করা হচ্ছে কি না।
এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সেলিম, বোয়ালখালী উপজেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী আবরার হাবিব, ফয়সাল রায়হান ও যুবশক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সংগঠক সাঈদ বিন ইব্রাহিমসহ অন্যান্য নেতারা।



