রুদ্ধশ্বাস লড়াইয়ে আর্সেনালকে ৩-২ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় জমিয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড।
২০১৭ সালের পর এই প্রথম আর্সেনালের মাঠে লিগ ম্যাচ জয়ের স্বাদ পেল রেড ডেভিলরা।
ম্যাচের ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। তবে ৩৭ মিনিটে জুবিমেন্দির ভুলে বল পেয়ে সমতা ফেরান ব্রায়ান এমবেউমো। বিরতির পর প্যাট্রিক ডরগুর দুর্দান্ত ভলিতে লিড নেয় সফরকারীরা।
শেষদিকে মিকেল মেরিনো আর্সেনালকে সমতায় ফেরালেও শেষ রক্ষা হয়নি। শেষ বাঁশির আগে বদলি হিসেবে নামা মাতেউস কুনহার ২৫ গজ দূর থেকে নেওয়া শটে নাটকীয় জয় নিশ্চিত করে ম্যানইউ।
এই হারের ফলে ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্সেনাল। তবে ম্যানসিটি ও অ্যাস্টন ভিলা (উভয়ের ৪৬ পয়েন্ট) এখন তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে।
অন্যদিকে, টানা দুই বড় জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠে এসেছে ইউনাইটেড।
টানা তিন ম্যাচ জয়হীন থেকে ২০০৪ সালের পর প্রথম লিগ শিরোপার স্বপ্নে বড় ধাক্কা খেল মিকেল আর্তেতার দল।



