ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ সোমবার (২৬ জানুয়ারি) সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
তবে বেনাপোল কাস্টমস হাউজ, বন্দরে কাজকর্ম ও পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসে ছুটির কারণে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্টেযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ আছে।
আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমস হাউজের কার্যক্রম স্বাভাবিক চলছে। বেনাপোল বন্দরে পণ্য খালাস করে ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে।
মঙ্গলবার সকাল থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।



