কক্সবাজার থেকে মহেশখালী নৌপথে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একটি স্পিডবোট উল্টে গিয়ে এক নারী যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় বোটের বেশ কয়েকজন যাত্রী সমুদ্রে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তবে নিহত নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, যাত্রীবোঝাই একটি স্পিডবোট মহেশখালী থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়।
পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে একটি বোট নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বোটে থাকা সব যাত্রী সমুদ্রে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পরপরই আশপাশে থাকা অন্য স্পিডবোট ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে।
বেশিরভাগ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজন নারী যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত যাত্রী বহন এবং বেপরোয়া গতি দুর্ঘটনার অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দুর্ঘটনার পর নৌপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিয়মিতভাবে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী বহন ও লাইফ জ্যাকেট ব্যবহার না করার প্রবণতা থাকায় এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা।
নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আহতদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।



