back to top

প্রজাতন্ত্র দিবসে ভারতকে যে বার্তা দিলেন ট্রাম্প

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬ ১২:৫১

শুল্কসহ বিভিন্ন ইস্যুতে নয়াদিল্লি-ওয়াশিংটনের সম্পর্কের টানাপোড়নের মধ্যেই ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সোমবার দুপুরে নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আমি ভারতের সরকার এবং জনগণকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত একটি ঐতিহাসিক বন্ধন ভাগ করে নেয়।’

পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাদা-কালো ছবিও শেয়ার করেছে মার্কিন দূতাবাস।

প্রসঙ্গত, গত বছরের আগস্টে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প, যার মধ্যে রাশিয়ার তেল কেনার দায়ে ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্কও অন্তর্ভুক্ত ছিল।

এর পরই থেকেই এনিয়ে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে টানাপোড়েন চলছে। মূলত ট্রাম্পের ঘোষিত মোট ৫০ শতাংশ শুল্কের চাপে বড়সড় ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতি।

এদিকে শুল্ক ইস্যু ছাড়াও গত বছরের মে মাসে ভারত-পাকিস্তানের ৪ দিনের সংঘাতে যুদ্ধবিরতিতে অবদার রাখার ট্রাম্পের দাবি এবং ওয়াশিংটনের নতুন অভিবাসন নীতিসহ আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে।

এরমধ্যেই প্রজাতন্ত্র দিবসে ভারতকে শুভেচ্ছা জানালেন ট্রাম্প।