back to top

এবার টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী হেনস্তার শিকার

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬ ১৩:০৩

কদিন আগে এক অনুষ্ঠানে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ভারতীয় অভিনেত্রী মৌনী রায়।

এবার হেনস্তার শিকার টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সামাজিক মাধ্যমে এ অভিযোগ এনেছেন মিমি। দায়ী করেছেন আয়োজকদের কয়েকজনকে।

ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বনগাঁয়। সেখানকার থানায় তিনি দায়ের করেছেন অভিযোগ। অভিযুক্তের তালিকায় নাম উঠেছে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, তনয় শাস্ত্রী নামে এক জ্যোতিষীর।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মিমি জানিয়েছেন রোববার বনগাঁর নয়া গোপালগুঞ্জ যুব সংঘে তার একটি অনুষ্ঠান ছিল।

সেখানে পৌঁছাতে তার ঘণ্টাখানেক দেরি হয়। এরপর তৈরি হয় তিনি মঞ্চে ওঠেন। অগণিত দর্শক তাকে দেখতে, তার সঙ্গে ছবি তুলতে উন্মুখ ছিলেন।

কিন্তু পারফরম্যান্সের মাঝে মিমিকে মঞ্চ থেকে জোর করে নামিয়ে দেওয়া হয়।

দেরিতে কেন এসেছেন অভিনেত্রী? এই প্রশ্ন তুলে তাকে আর পারফর্ম করতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

তার আরও অভিযোগ, যারা তার সঙ্গে ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন, তাদের সরিয়ে দেওয়া হয়। এবং সবটাই ঘটেছে আচমকা, কোনও পূর্বাভাস ছাড়াই।

মিমির বক্তব্য, মঞ্চে এমন হেনস্তা কাম্য নয়, তা অসম্মানজনক। এখন এনিয়ে সরব না হলে এমন ঘটনা চলতেই থাকবে।

এদিকে মিমির অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছেন অনুষ্ঠানের আয়োজক। উদ্যোক্তা ক্লাবের কর্মকর্তা রাহুল বসু, শোভন দাসরা বলেছেন, ‘মিমি চক্রবর্তীকে কোনো অসম্মান করা হয়নি।

উনি এক ঘণ্টা দেরি করে রাত সাড়ে এগারোটার পর মঞ্চে ওঠেন৷ প্রশাসনের দেওয়া টাইম এবং মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে আমরা ঠিক রাত বারোটায় অনুষ্ঠান বন্ধ করি।

ওর অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠান বন্ধ ঘোষণা অসম্মানিত মনে হতে পারে, কিন্তু আমরা ওঁকে সসম্মানে বিদায় দিয়েছি।’