back to top

‘ধানের শীষে ভোটের মাধ্যমে স্বৈরাচারকে জবাব দিন’

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬ ১২:৫১

আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে কঠোরভাবে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বিগত ১৬–১৭ বছর ধরে মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেছে।

এই অধিকার যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে সোচ্চার হতে হবে। ধানের শীষে সিল মারার মাধ্যমেই সেই স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে হবে।

শনিবার বিকালে সিরাজগঞ্জ জেলার বিসিক শিল্প পার্কে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তারেক রহমান।

তিনি বলেন, ‘আপনাদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, একমাত্র ধানের শীষ বিজয়ী হলে তারা সেই জবাব পাবে। তাই ধানের শীষে সিল মেরে আপনারাও কঠোর ভাষায় তাদের জবাব দিন।’

তিনি বিকাল সাড়ে তিনটায় বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জ পৌঁছান। এর আগে বিকাল ৩টায় জনসভার কার্যক্রম শুরু হয়।

সমাবেশে সিরাজগঞ্জ ও পাবনার প্রার্থীদের মধ্যে যথাক্রমে ইকবাল হাসান মাহমুদ টুকু, আমিরুল ইসলাম খান আলীম, এম আকবর আলী, এম এ মুহিত, আইনুল হক, সেলিম রেজা, হাবিবুর রহমান হাবিব, শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাসান জাফির তুহিন, সেলিম রেজা হাবিব ও ভিপি শামসুল ইসলামকে জনসভা মঞ্চে পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘আমরা সবসময় বিএনপি করি। আমরা সবসময় সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে জাত-পাত মুখ্য নয়।

আমাদের কাছে মুখ্য হচ্ছে-আমরা সবাই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষ। কাজেই মানুষকে মানুষ হিসেবেই আমরা মূল্যায়ন করতে চাই।’

তিনি বলেন, ‘আমরা যদি দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই কেবল দেশ ও জনগণের প্রকৃত সমস্যাগুলোর সমাধান সম্ভব।’

দেশ গড়তে সহযোগিতা চেয়ে তারেক রহমান বলেন, ‘আজ সিরাজগঞ্জ ও পাবনাসহ এখানে অনেক কাজ করার আছে। সেই কাজগুলো করা গেলে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, এলাকার উন্নয়ন হবে।

আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের নেতাকর্মীসহ বাংলাদেশের মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছে, স্বৈরাচারের পতন ঘটেছে।

এখন আমাদের দেশ গড়তে হবে। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, দেশ গঠন করতে হবে। আপনারা কি দেশ গঠনে আমাদের সঙ্গে থাকবেন?’

সিরাজগঞ্জ ও পাবনাসহ সারা দেশে নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে বেকার সমস্যার সমাধান, এই অঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তোলা, তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করে এর পণ্যের আন্তর্জাতিক বাজার সৃষ্টি এবং এই অঞ্চলে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান।

দল বিজয়ী হলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে নারী ও কৃষকদের সহযোগিতা করার কথাও বলেন তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি রুমানা মাহমুদ। সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ সিরাজগঞ্জ ও পাবনার ধানের শীষের প্রার্থীরা।

উত্তরাঞ্চলে দুই দিনের প্রচারাভিযানে তারেক রহমান রাজশাহী, নওগাঁ, বগুড়া ও রংপুরে চারটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।

শেষ দিনে সিরাজগঞ্জের জনসভা শেষ করে পরে টাঙ্গাইলের নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।