back to top

‘কেউ কেউ তো ডিভোর্স লেটার দেখতে চায়’

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬ ১৪:৫৬

বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় পর্দার জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমী। দীর্ঘদিন ধরে তারা আলাদা দেশে বসবাস করায় তাদের সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই নানা গুজব ও জল্পনা ছড়ায়।

কেউ কেউ এমনকি দাবি করেন, এই তারকা দম্পতির নাকি বিচ্ছেদ হয়ে গেছে। এসব মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন অভিনেতা ওমর সানী।

সম্প্রতি একটি চলচ্চিত্রসংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ বিষয়ে মুখ খোলেন তিনি। ওমর সানী বলেন, “অনেকে বলে, আমরা সেপারেট হয়ে গেছি— এ রকম নানা কথা শুনি।

এসব নিয়ে আমরা চিন্তিত নই। কিন্তু কিছু বাজে মানসিকতার মানুষ আছে, যারা অসভ্যের মতো এমন কথা বলে। অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি।”

এর আগেও মাছরাঙা টেলিভিশনের একটি পডকাস্ট অনুষ্ঠানে একই ধরনের প্রশ্নের মুখোমুখি হন অভিনেতা।

সেখানে সম্পর্কের অবস্থা নিয়ে জানতে চাইলে তিনি ক্ষোভের সঙ্গেই বলেন, “অনেকেই নিজেকে জ্যোতিষী ভাবেন। কেউ হাত দেখে ভবিষ্যৎ বলে দেন।

যার যা ইচ্ছা, তাই বলে। পাগলের সংখ্যাও দিন দিন বাড়ছে। কেউ কেউ তো ডিভোর্স লেটার দেখতেও চায়। এসব নিয়ে আর কিছু বলার নেই।”

বিভিন্ন সময়ে শোনা গেছে, মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানে নাগরিকত্বের প্রক্রিয়ায় রয়েছেন। এ কারণেই দীর্ঘ সময় তাকে দেশের বাইরে থাকতে হচ্ছে।

ওমর সানীরও যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা ছিল, তবে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি যেতে পারেননি। নতুন করে ভিসার জন্য আবেদন করেছেন বলে জানিয়েছেন অভিনেতা।

মৌসুমীর যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে ওই পডকাস্টে ওমর সানী বলেন, “সবার জানার জন্য বিষয়টা পরিষ্কার করা দরকার। আমার শাশুড়ি দীর্ঘদিন ধরে অসুস্থ। মায়ের পাশে থাকার জন্যই মৌসুমী সেখানে আছে।

আমাদের মেয়েও যুক্তরাষ্ট্রে থাকে, তাদের দেখাশোনা করাটাও জরুরি। পরিবারের জন্য সময় দেওয়া এবং ত্যাগ স্বীকার করাটা খুব গুরুত্বপূর্ণ।

আমি জানি, মায়ের জন্য মৌসুমী অনেক কষ্ট করছে। আমরা প্রতিদিনই ফেসবুক গ্রুপে এসব নিয়ে কথা বলি। খুব শিগগিরই আমাদের দেখা হবে।”

প্রসঙ্গত, প্রায় দুই বছর ধরে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দূরত্ব থাকলেও সম্পর্ক অটুট রয়েছে বলেই বারবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ওমর সানী।