back to top

হালদা থেকে আবারও মৃত ডলফিন উদ্ধার

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০৫

এশিয়ার গুরুত্বপূর্ণ প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী থেকে একটি মৃত শুশুক (ডলফিন) উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সীর হাট সংলগ্ন এলাকা থেকে শুশুকটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে নদীতে একটি মৃত শুশুক ভাসতে দেখে এলাকাবাসী।

পরে হালদা নদীর হাটহাজারী অংশের পাহারাদার মো. আলামগীর মদুনাঘাট দিক থেকে জোয়ারের পানিতে ভেসে আসা শুশুকটি উদ্ধার করেন।

হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শওকত আলী জানান, উদ্ধারকৃত শুশুকটির আনুমানিক দৈর্ঘ্য ৪ ফুট ২ ইঞ্চি, প্রস্থ প্রায় ১ ফুট এবং ওজন প্রায় ২৭ কেজি।

প্রাথমিকভাবে শুশুকটির বয়স ২ থেকে ৩ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে ৩–৪ দিন আগে জালে আটকে পড়া কিংবা কোনো শক্ত বস্তুর সঙ্গে ধাক্কা লেগে এর মৃত্যু হতে পারে। শরীরে পচন ধরলেও বড় ধরনের আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, হালদা নদীতে দূষণ বৃদ্ধি, ইঞ্জিনচালিত ড্রেজারের অবৈধ চলাচল ও নিষিদ্ধ জালের ব্যবহার শুশুকসহ জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এসব কারণে নদীতে শুশুক মৃত্যুর ঘটনা বাড়ছে, যা হালদার জীববৈচিত্র্যের জন্য উদ্বেগজনক।

উদ্ধার করা মৃত শুশুকটি হালদা নদীর পাড়ে মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্স সেন্টার থেকে বলা হয়েছে গত ১১ মাসের ব্যবধানে এ নিয়ে পাঁচটি মৃত ডলফিন হালদা নদী থেকে উদ্ধার করা হয়েছে।