পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাস দমন অভিযানে গত তিন দিনে মোট ২১৯ জন নিহত হয়েছেন।
এর মধ্যে ভারত–সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত বলে দাবি করা ১৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং অভিযানে শহীদ হয়েছেন পাকিস্তানের ২২ জন সেনা।
জিও নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
খবরে বলা হয়, গত ৩১ ফেব্রুয়ারি বেলুচিস্তানে সন্ত্রাসীদের ধারাবাহিক হামলা দেশটির সবচেয়ে বড় প্রদেশটিকে কার্যত অচল করে দেয়।
ওইদিন বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি প্রদেশজুড়ে প্রায় এক ডজন লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালায়।
এসব হামলায় ১৭ জন নিরাপত্তা সদস্য ও ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন।
নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, ১২টি শহরে সংঘটিত সমন্বিত সন্ত্রাসী হামলার পরই ব্যাপক অভিযান শুরু করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
দেশ রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে গত তিন দিনে ২২ জন সেনা প্রাণ হারান।
সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তানে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিশেষ করে বেলুচিস্তান লিবারেশন আর্মি প্রদেশটিতে কর্মরত অন্য প্রদেশের পাকিস্তানি নাগরিক এবং বিদেশি জ্বালানি কোম্পানিগুলোর ওপর হামলা জোরদার করেছে।
গত বছর বিচ্ছিন্নতাবাদীরা প্রায় ৪৫০ যাত্রী বহনকারী একটি ট্রেনে হামলা চালায়, যা টানা দুই দিনের রক্তক্ষয়ী অবরোধে পরিণত হয়েছিল।
সেই ঘটনার পর থেকেই বেলুচিস্তানে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে মনে করছেন বিশ্লেষকরা।



