“জ্ঞানই শক্তি, আগামীর ভিত্তি” এই স্লোগানকে সামনে রেখে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে লাইব্রেরি ডে ২০২৬।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি’র লাইব্রেরিয়ান মিস ফারহানা মাহমুদ।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ও সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর শামস উদ দোহা।
তিনি বলেন, আধুনিক শিক্ষাব্যবস্থায় গ্রন্থাগার কেবল বই পড়ার স্থান নয়, বরং জ্ঞানচর্চা ও গবেষণার কেন্দ্রবিন্দু।
অনুষ্ঠানের প্রাইম স্পিকার হিসেবে বক্তব্য দেন প্রফেসরিয়াল ফেলো ও বোর্ড অব ট্রাস্টিজ (BoT) উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ সেকান্দর খান।
তিনি শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং ডিজিটাল যুগে গ্রন্থাগারের পরিবর্তিত ভূমিকা নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, “একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে শক্তিশালী গ্রন্থাগারের বিকল্প নেই।
শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত গ্রন্থাগার ব্যবহারের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক রাশেদ আল করিম এবং বিশ্ববিদ্যালয়ের এইচআর ডিরেক্টর মো. নাজিম উদ্দীন চৌধুরী। তাঁরা উভয়েই জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারের অবদান তুলে ধরেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে সর্বোচ্চ গ্রন্থ সংগ্রহকারী হিসেবে নির্বাচিত সেরা তিনজন পাঠককে পুরস্কার প্রদান করা হয়। এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে উৎসাহ জুগিয়েছে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেক কাটার মাধ্যমে আনন্দঘন পরিবেশে লাইব্রেরি ডে ২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।



