পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরকে সামনে রেখে বড় চমক দেখাল লাহোর কালান্দার্স।
নিলামের টেবিলে ওঠার আগেই সরাসরি চুক্তিতে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কর্তৃপক্ষ।
বাঁহাতি এই ‘কাটার মাস্টারকে’ দলে নিতে লাহোর কালান্দার্স খরচ করেছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ কোটি ৮১ লাখ টাকারও বেশি।
এর আগে, ২০১৬ ও ২০১৮ সালের আসরে ড্রাফটের মাধ্যমে মোস্তাফিজকে নির্বাচন করা হলেও সেবার চোট ও অনাপত্তিপত্র সংক্রান্ত জটিলতায় তাঁর খেলা হয়ে ওঠেনি। এবার সরাসরি চুক্তির মাধ্যমে সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে।
স্বাগতিক বিবৃতিতে মোস্তাফিজকে বরণ করে নিয়ে লাহোর কালান্দার্স জানায়, “আমাদের বাংলাদেশি ভাই মোস্তাফিজুর রহমান এখন থেকে আমাদের পরিবারের অংশ।
২০১৬ ও ২০১৮ সালে তাঁকে দলে নেওয়া হলেও অবশেষে তিনি সরাসরি চুক্তিতে আমাদের সঙ্গে ফিরলেন।”


