back to top

স্লোগানে মুখরিত, পুলিশের সাউন্ড গ্রেনেডে উত্তাল শাহবাগ

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৩৩

পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের শব্দে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা ফুঁসে উঠেছে। যেকোন সময় শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের আবারো সংঘর্ষের শঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাতটা ৪৫ পর্যন্ত প্রায় ১৬টি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশ। এসময় পুলিশের একটি দল হোটেল ইন্টারকন্টিনেন্টালের রাস্তায় অবস্থান নিয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় সড়ক অবরোধ করেছে ইনকিলাব মঞ্চের সমর্থকরা।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা শাহবাগের শরীফ ওসমান চত্তর মোড়ে অবস্থান নেয়। তখন থেকে তারা স্লোগান দিয়ে যাচ্ছে।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সড়ক অবরোধের কারণে পল্টন থেকে কাটাবন, সায়েন্সল্যাব ও মোহাম্মদপুর যাওয়া আসার সড়কটি বন্ধ হয়ে গেছে। কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক সেখানে জড়ো হয়েছেন।

তারা মাইকে স্লোগান দিচ্ছে – উই ওয়াট জাস্টিজ, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদী হবো, তুমি কে আমি কে-হাদী হাদী, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা, আপস না সংগ্রাম, আজাদী আজাদী, ইন্টিরিমের গদিতে, আগুন জ্বালাও এক সাথে।

সড়ক অবরোধ কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে উঠতি যুবক যুবতীরা আসছেন। পুরান ঢাকা থেকে এসেছেন কাকলী।

তিনি শাহবাগ মোড়ে দাঁড়িয়ে স্লোগান শুনছিলেন। মাঝে মাঝে চিৎকার করে স্লোগানে কন্ঠ মেলাচ্ছিলেন।

তিনি জানান, বিকেলে ইনকিলাব মঞ্চের জাবের, ঝুমাসহ বেশ কিছু আন্দোলনকারীর ওপর হামলার খবর শুনেছেন।

এরপর আর স্থির থাকতে পারেননি। ফলে সন্ধ্যার পর চলে আসেন শাহবাগে।

অনেকে পরিবার নিয়েও এসে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিচ্ছেন। যাত্রাবাড়ী থেকে আসা দম্পতি রুহুল মোমেনা বলছিলেন, হাদী হত্যার বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। ইন্টেরিম সরকার এ বিচার করে যেতে পারলো না!

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে পুলিশের ধাওয়ায় শাহবাগ ছাড়তে দেখা গেছে আন্দোলনকারীদের।