back to top

হালিশহরে দেড় কোটি টাকার ইয়াবা ও ৩টি বাইকসহ গ্রেপ্তার ৫

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৩

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরি মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৪৯ হাজার ১৫ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পরিচালিত এ অভিযানে ইয়াবা পরিবহণে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকার বাসিন্দা কামরুল হক চৌধুরী (৩৫),সন্দীপের মো. শাহনেওয়াজ সাজু (২৯), সাতকানিয়ার শাখাওয়াত হোসেন (২০), কক্সবাজারের আব্দুর রশিদ (৪০) ও মো. সালাউদ্দিন কাদের (২৫)।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরি মোড় এলাকায় অবস্থান নেয়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পাঁচ জন ব্যক্তি তিনটি মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাদের ধাওয়া করে গ্রেপ্তার করে।

পরে তাদের সাথে থাকা দুটি শপিং ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে রাখা ২৪৫টি পলি জিপার প্যাকেট থেকে মোট ৪৯ হাজার ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার এই ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা।

গ্রেপ্তার আসামিরা ও উদ্ধার করা ইয়াবাগুলো হালিশহর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি