back to top

‘রাজার ছেলে রাজা হবে, তা আমরা মানি না’

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:১৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের রাজনীতি অবৈধ সুবিধা ও দুর্নীতির আঁতুরঘরে পরিণত হয়েছে।

এখানে রাজনীতি ও নেতৃত্ব যেন পারিবারিক সম্পত্তি। এই দেশ কারো জমিদারি নয়। রাজার ছেলে রাজা হবে, তা আমরা মানি না। যোগ্য যে কেউ এদেশে আগামীর নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ।

আজ রোববার (০৮ ফেব্রুয়ারি) জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, আমরা কথা দিয়েছি, আমাদের এমপিরা রাষ্ট্রের দেওয়া প্লট গ্রহণ করবে না, রাষ্ট্রের বিলাসী গাড়ি ব্যবহার করবে না, অন্য কোনো বিশেষ সুবিধাও গ্রহণ করবে না।

এমপিদের পরিবারের সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে। লুটের লাইসেন্স গ্রহণ নয়, আমানাত হিসেবে রাষ্ট্রের দায়িত্ব পালন করাই হবে আমাদের লক্ষ্য।

দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয়, কোনোটিই আমরা করবো না এবং কাউকে করতেও দেবো না।

তিনি আরও বলেন, এই নির্বাচন সুবিধাবাদীদের জন্য নয়, এই নির্বাচন খেটে খাওয়া সাধারণ মানুষের মুক্তির নির্বাচন।

আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে মায়েরা তাদের মেয়েদের নিয়ে চিন্তিত থাকবে না, যুবকদের কণ্ঠ রুদ্ধ করা হবে না, অর্থের বিনিময়ে ন্যায়বিচার বিক্রি হবে না।

সবার মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে আমরা আগামীর আধুনিক বাংলাদেশ গড়তে চাই।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি