সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ, শৃঙ্খলিত ও জনবান্ধব করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে।
এছাড়া ভবিষ্যতে আরও ৭–৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে চসিকের।
সোমবার ৪০ নম্বর ওয়ার্ডের কেএইপিজেড মোড়ে নবনির্মিত ফুটওভার ব্রিজ এবং স্টিলমিল বাজার খালপাড় সড়ক উদ্বোধনকালে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এতথ্য জানন।
মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ‘এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নগরজুড়ে পরিকল্পিতভাবে এসব ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে।
মেয়র জানান, প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৪টি ফুটওভার ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, ১৫টির কাজ চলমান রয়েছে এবং ১৭টির টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান।
এসব ব্রিজ বাস্তবায়নের মাধ্যমে ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত হবে এবং সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
উদ্বোধনকৃত কেএইপিজেড মোড়ের ফুটওভার ব্রিজটি ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। ব্রিজটির দৈর্ঘ্য ৩০ মিটার এবং প্রস্থ ৩ মিটার। এই ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় এক লক্ষ গার্মেন্টস শ্রমিক ও ইপিজেডের কর্মকর্তা-কর্মচারী নিরাপদে পারাপার হবেন।
ফলে সড়ক দুর্ঘটনা রোধের পাশাপাশি যানজট নিরসনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান মেয়র।
একই অনুষ্ঠানে উদ্বোধন করা হয় স্টিলমিল বাজার খালপাড় সড়ক। প্রায় ১২০০ মিটার দৈর্ঘ্য ও ২০–২৫ মিটার প্রস্থের এ সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা।
সড়কটি চালু হওয়ায় স্থানীয় এলাকাবাসীর চলাচল সহজ হবে এবং সংশ্লিষ্ট এলাকার ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন মেয়র।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



