back to top

গণমাধ্যম সমাজের ‘চতুর্থ স্তম্ভ’, দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৩:৫৪

রাজনীতি ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, তা মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

একইসঙ্গে তিনি বলেন, ছোটখাটো বিষয় উপেক্ষা করা হলেও বড় কোনো অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ড. শফিকুর রহমান বলেন, দেশ গঠনে সবার সহযোগিতা কামনা করে তিনি গণমাধ্যমকে সমাজের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে উল্লেখ করেন এবং দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের মনিপুর বয়েজ হাই স্কুল মাঠের ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, দীর্ঘ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তিনি নিজেও কারাবন্দি থাকায় ভোট দিতে পারেননি।

এবার ভোট দিতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি দোয়া করেন, এই ভোটের মাধ্যমে দেশে নতুন অধ্যায়ের সূচনা হোক।

জামায়াত আমির বলেন, বিশেষ করে তরুণ সমাজ, যারা আগে কখনও ভোট দিতে পারেনি, তারা এদিনের জন্য অপেক্ষায় ছিল। নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু, সন্ত্রাস ও দখলমুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, আগামী দিনে এমন একটি সরকার গঠিত হোক, যা কোনো ব্যক্তি, পরিবার বা দলের নয়; বরং ১৮ কোটি মানুষের সরকার হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সেই ফল আমরা মেনে নেব। অন্যদেরও মানতে হবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে বড় কোনো অনিয়ম হলে তা মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান ড. শফিকুর রহমান।

এদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুতে নির্বাচন বাতিল হওয়ায় বাকি ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে।

এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দলের মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র ২৭৩ জন এবং নারী প্রার্থী ৮৩ জন।

নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি