back to top

সুদানের নীলনদে নৌকাডুবি: ২১ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:৫৬

বিশ্ব ডেস্ক : সুদানের উত্তরে নীল নদে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২১ জনের প্রাণহানি হয়েছে।

স্থানীয় রাজ্য সরকার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বার্তা সংস্থাটি জানায়, রিভার নাইল স্টেট সরকার বৃহস্পতিবার জানায়, দুর্ঘটনাস্থল থেকে ২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, বুধবার সন্ধ্যায় খার্তুমের উত্তরে নদী পারাপারের সময় নৌকাটিতে ৩০ আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সরকারের বিবৃতি অনুযায়ী, নৌকাটি তাইবা আল-খাওয়াদ এবং দেইম আল-কারাই গ্রামের মধ্যে নদী পার হচ্ছিল। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট করা হয়নি।

সুদানিজ ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, নৌকায় থাকা ছয়জন যাত্রী বেঁচে গেছেন।

তারা বলেছে, এই দুর্ঘটনা মূলত নদী পরিবহনে সুরক্ষার অভাব এবং স্থানীয় কর্তৃপক্ষ ও নাগরিক প্রতিরক্ষা উদ্ধারকারী দলের প্রাথমিক সময়ে উপস্থিত না থাকার কারণে ঘটেছে।

সুদানে অনেক মানুষ একক ইঞ্জিনচালিত নৌকায় নদীপথে চলাচল করেন। প্রায় তিন বছর ধরে চলমান যুদ্ধ দেশটির অবকাঠামো ব্যাপকভাবে ভেঙে দিয়েছে।

সেনাবাহিনী এবং তাদের প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে বিভাজনের কারণে বহু সড়ক বন্ধ রয়েছে এবং জনসেবা, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি