back to top

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, চালকসহ নিহত ১১

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০৯

বিশ্ব ডেস্ক : পাকিস্তানের সিন্ধু প্রদেশের খাইরপুর জেলার টান্ডো মাস্তি এলাকায় জাতীয় মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে একটি যাত্রীবাহী কোচের সঙ্গে ভারী কংক্রিট গার্ডার বহনকারী ট্রেইলারের সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।

উদ্ধারকারী সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ৯ জন যাত্রী ছাড়াও বাসচালক ও কন্ডাক্টর রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতদের মরদেহ খাইরপুর সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে বলে ইধি ফাউন্ডেশন নিশ্চিত করেছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় পতিত কোচটি পাঞ্জাব থেকে করাচির উদ্দেশ্যে যাচ্ছিল। সংঘর্ষের পরপরই স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করেন।

ঘটনার পর সিন্ধ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) খাইরপুরের এসএসপিকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম তদারকির নির্দেশ দেন।

একই সঙ্গে আশপাশের এলাকায় জরুরি সহায়তা নিশ্চিত করা এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য সড়কপথ সচল রাখার নির্দেশ দেওয়া হয়।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এম-৯ মোটরওয়ের কাঠোর এলাকায় তেলবাহী ট্যাংকার, একটি বাস ও আরও কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হন।

সে দুর্ঘটনায়ও বেশ কয়েকজন আহত হন এবং নিহতদের মধ্যে নারী ও শিশুও ছিলেন। দুর্ঘটনার তীব্রতায় কয়েকজন যাত্রী সেতু থেকে নিচে পড়ে যান।

পুলিশ জানায়, সাম্প্রতিক ওই দুর্ঘটনায় জড়িত কোচটি ঘটনাকালে সড়কের উল্টো পাশে চলছিল। এ ঘটনায় গাদাপ থানায় রাষ্ট্রের পক্ষে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

মামলায় অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, বেপরোয়া ও অবহেলাজনিত গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে।

এফআইআর সূত্রে জানা গেছে, বিকেল প্রায় ৩টা ৪০ মিনিটে একটি তেলবাহী ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রেইলার ও অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়।

এরপর উল্টো দিক থেকে আসা বাস ও আরও একটি যানবাহন উল্টে যায়। ঘটনাস্থলেই ট্যাংকারচালক নিহত হন। পাশাপাশি অন্য যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যেও প্রাণহানির ঘটনা ঘটে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি