নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বইমেলা-২০২৬ এ প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কথাসাহিত্যিক মোহাম্মদ শিহাব উদ্দিনের নতুন অণুগল্পগ্রন্থ ‘উপলব্ধি’।
প্রাত্যহিক জীবনের নিগূঢ় সত্য, গভীর মমতা আর যান্ত্রিক শহরের আড়ালে লুকিয়ে থাকা মানবিক বোধগুলোকে কেন্দ্র করে রচিত হয়েছে এই বইটির গল্পগুলো।
বইটি প্রকাশ করছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘প্রহেলিকা প্রকাশন’। এর নান্দনিক প্রচ্ছদে ফুটে উঠেছে জীবনের অজানাকে জানার এক ব্যাকুলতা, যা পাঠকদের শুরুতেই আকৃষ্ট করবে।
আরও পড়ুন
ছোট ছোট অথচ গভীর অর্থবহ গল্প নিয়ে সাজানো এই বইটি লেখকের ভাষায়— কেবল কিছু শব্দের বিন্যাস নয়, বরং চারপাশের চিরচেনা জগতকে নতুন করে চেনার একটি প্রচেষ্টা।
অণুগল্পগ্রন্থটি সম্পর্কে লেখক মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, “জীবন মানেই এক একটি বড় গল্পের সমষ্টি, যেখানে প্রতিদিন আমরা অজস্র ছোট ছোট মুহূর্তের মুখোমুখি হই।
সেই মুহূর্তগুলোর পেছনের দর্শন এবং সত্যকে খুঁজে বের করার চেষ্টা থেকেই ‘উপলব্ধি’-র জন্ম। ছোট গল্পের পরিসরে জীবনের বড় কোনো দর্শন যখন ফুটে ওঠে, তখন তা পাঠককে দীর্ঘক্ষণ ভাবাতে বাধ্য করে।
আশা করি, পাঠকরা বইটির প্রতিটি পাতায় নিজেদের জীবনেরই কোনো না কোনো ছোট ছায়া খুঁজে পাবেন।”
বইটি অমর একুশে বইমেলায় প্রহেলিকা প্রকাশনের স্টলে পাওয়া যাবে। এ ছাড়া মেলায় আসতে না পারা পাঠকদের জন্য অনলাইন বুকশপ রকমারি ডটকম থেকে বইটি ঘরে বসেই প্রি-অর্ডার করার সুবিধা রয়েছে।
দেশের যেকোনো প্রান্ত থেকে পাঠকরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি সংগ্রহ করতে পারবেন।
তরুণ এই লেখকের কলমে জীবনের না বলা কথাগুলো যেভাবে উঠে এসেছে, তা এবারের বইমেলায় অণুগল্পের পাঠকদের মাঝে বিশেষ সাড়া ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



