back to top

শপথ গ্রহণ সম্পন্ন, এখন বৈঠকে সংসদ নেতা নির্বাচন করবে বিএনপি

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:৪৩

জাতীয় ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি

গত শুক্রবার রাতে ২৯৯ আসনের মধ্যে ২৯৭ আসনের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে।

সেই অনুযায়ী আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেন তারেক রহমানসহ বিএনপির এমপিরা।

শপথের ঘন্টাখানেক পরেই সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠকে বসছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলটি।

বৈঠকের মূল অ্যাজেন্ডা—সংসদ নেতা নির্বাচন। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবেই দলটির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চূড়ান্ত করার আভাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।

দলীয় সূত্র বলছে, বৈঠকে সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি সংসদ পরিচালনা কৌশল ও সরকারের অগ্রাধিকার বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

এর আগে সালাহ উদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, সংসদীয় দলের এই সভায় নেতা নির্বাচন হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন—এমনটাই প্রত্যাশা।

এরপর বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে দিনের মধ্যেই নতুন সরকারের রূপরেখা স্পষ্ট হয়ে যাবে।

রাজনৈতিক মহলে এখন নজর বিএনপির সংসদীয় দলের বৈঠকের দিকে—কারণ সেখানেই নির্ধারিত হবে সংসদ ও সরকারের নেতৃত্বের আনুষ্ঠানিক পথচলা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি