খেলাধুলা ডেস্ক : চেন্নাইয়ে রানবন্যার ম্যাচে কানাডার ব্যাটিং উজ্জ্বলতা ছাপিয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করল নিউজিল্যান্ড। ২৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ দল হিসেবে শেষ আটে উঠেছে কিউইরা।
আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৩ রান করে চলতি আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়ে কানাডা।
ওপেনিং জুটিতেই শতক ছুঁয়ে ফেলে তারা। যুবরাজ সামরা ও দিলপ্রীত বাজওয়ার ১১৬ রানের জুটি দলকে এনে দেয় শক্ত ভিত।
বাজওয়া ৩৬ রান করে থামলেও যুবরাজ খেলেন স্মরণীয় ইনিংস- ৬৫ বলে ১১০ রান, ১১ চার ও ৬ ছক্কায় সাজানো। মাত্র ৫৮ বলেই পূর্ণ করেন শতক, যা তাকে বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের কাতারে তোলে।
তবে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে সম্ভাব্য বড় স্কোরে পৌঁছাতে পারেনি কানাডা।
১৭৪ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। চার বলের ব্যবধানে ফিরে যান টিম সেইফার্ট (৬) ও ফিন অ্যালেন (২১)। কিন্তু এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপসের জুটি।
দুজনের অবিচ্ছিন্ন ১৪৬ রানের জুটিতে সহজ হয়ে যায় রান তাড়া। রাচিন ৩৯ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন-৪ চার ও ৩ ছক্কায়।
অন্য প্রান্তে ফিলিপস ঝড় তোলেন ৩৬ বলে ৭৬ রানে, হাঁকান ৪ চার ও ৬ ছক্কা। মাত্র ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে জয় নিশ্চিত করে কিউইরা।
‘ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সুপার এইটে উঠল নিউজিল্যান্ড। আগের ম্যাচে প্রোটিয়াদের কাছে হারার পর কানাডার বিপক্ষে ব্যাট হাতে শক্ত জবাব দিল কিউইরা।
এ ম্যাচের মধ্যে ‘ডি’ গ্রুপের হিসেব-নিকেশ শেষ। এই গ্রুপ থেকে সুপার এইট খেলবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। বিদায় নিয়েছে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং কানাডা।
আজ (১৭ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে কানাডাকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচের ফলেই ‘ডি’ গ্রুপের নিষ্পত্তি হয়েছে। ৩ ম্যাচে ৩ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা।
নিউজিল্যান্ড গ্রুপপর্বে তাদের সবকটি (৪) ম্যাচ খেলে অর্জন করেছে ৬ পয়েন্ট। বাদ পড়া তিন দলই তিনটি ম্যাচ খেলেছে। কানাডার কোনো জয় নেই। আফগানিস্তান ও আমিরাত ১টি করে জয়ে ২ পয়েন্ট পেয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



