back to top

জুলাই অভ্যুত্থান না হলে কেউ ক্ষমতায় আসত না: ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৪৫

রাজনীতি ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং সমাজ সংস্কারের অঙ্গীকার নিয়ে এক বিশেষ কর্মসূচিতে অংশ নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বুধবার সকালে রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকায় মনিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচির উদ্বোধনের পর তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনসেবা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

পরিচ্ছন্নতা অভিযান শেষে ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল এদেশের ইতিহাসের এক টার্নিং পয়েন্ট।

তিনি স্পষ্টভাবে মনে করিয়ে দেন, জুলাইয়ের বিপ্লব না ঘটলে আজ তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং তিনি নিজেও বিরোধীদলীয় নেতা হবার সুযোগ পেতেন না।

শফিকুর রহমান অভিযোগ করেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাই অভ্যুত্থানের শহিদদের অপমানের শামিল।

তিনি নতুন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার যদি কালক্ষেপণ করে বা অনীহা দেখায়, তবে জামায়াতে ইসলামী কোনো ধরনের ছাড় দেবে না। আমাদের সবার নৈতিক দায়িত্ব হলো সংসদে জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখা।

এ সময় আমীর ডা. শফিকুর রহমান মিরপুর ও কাফরুল এলাকাকে নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এই এলাকাগুলোকে দেশের জন্য একটি ‘মডেল’ হিসেবে গড়ে তোলা হবে।

এর অংশ হিসেবে এখন থেকে প্রতিদিন ফজরের নামাজের পর এলাকার রাস্তাঘাট পরিষ্কার করেন। জনগণের এই স্বতঃস্ফূর্ত নাগরিক সেবায় সরকারি সহযোগিতা রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার জামায়াতে ইসলামী ‘ক্লিন ঢাকা মহানগরী’ শীর্ষক এই কর্মসূচি ঘোষণা করে।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। প্রত্যেকের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।

পরিচ্ছন্নতা অভিযানে ডা. শফিকুর রহমানের সাথে ঢাকা মহানগর উত্তরের আমীর সেলিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি