সিটিজি নিউজ টুডে : আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে ধার্য মূল্যের বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়ের রশিদ সংরক্ষণ না করা ও জনসাধারণের চলাচলের পথে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৭ ব্যবসায়ীকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
তিনি জানান, রমজানে কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায় বরদাশত করা হবে না। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



