দেশজুড়ে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: মেয়র শাহাদাত

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৮

সিটিজি নিউজ টুডে : স্বাস্থ্যখাত নিয়ে বিএনপি সরকার পরিকল্পনা নিয়েছে জানিয়ে দেশজুড়ে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বললেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, সকল মহানগর ও জেলা শহরের নাগরিকদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নারী, শিশু ও বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। যার মধ্যে ৪০ শতাংশ নারী থাকবে।

শুক্রবার চট্টগ্রামের প্রথিতযশা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর-এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘উপজেলা পর্যায়ে নিরাপদ প্রসবসহ আধুনিক মাতৃত্বকালীন ও শিশুস্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি প্রাণঘাতী রোগের চিকিৎসায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে ক্যান্সার ও হার্ট ফেইলিউরের মতো জটিল রোগের সুলভ চিকিৎসা নিশ্চিত করা হবে।

এছাড়া প্রয়োজনীয় ওষুধের দাম কমানো, বিনামূল্যে প্রাথমিক ওষুধ ও ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা এবং বিজ্ঞানভিত্তিক মশা নিধন কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে সরকার।

এসব উদ্যোগ বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসের চেতনা ধারণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি চট্টগ্রাম নগরীকে বিলবোর্ডমুক্ত, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর নেতৃত্বে নবগঠিত সরকার জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রামসহ দেশের নগর ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রকাশনার মোড়ক উন্মোচন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ-এর প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. ডি. পি. বড়ুয়া।

অনুষ্ঠানে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্বনামধন্য চিকিৎসক, চিকিৎসা শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী এবং সিএসসিআর ও সিএসসিআর হৃদরোগ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডা. মেহেরুন্নিসা খানমের সঞ্চালনায় দ্বিতীয় পর্বে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর আরবি বিভাগের বিভাগীয় প্রধান ও সিডিএ মসজিদের খতিব অধ্যাপক ড. গিয়াস উদ্দীন তালুকদার।

ইফতার ও দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি