back to top

হাটহাজারীতে নাশকতা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০৪

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের হাটহাজারী থানাধীন ফরহাদাবাদ ইউনিয়ন সংলগ্ন দিদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) সদস্যরা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে র‍্যাব-৭ কর্তৃপক্ষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. নাজিম উদ্দিন ফরিদ (৪৮)। সে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মৃত বাদশা আলমের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানার একটি নাশকতা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. নাজিম উদ্দিন ফরিদকে ধরতে হাটহাজারী থানাধীন ফরহাদাবাদ ইউনিয়ন সংলগ্ন দিদার মার্কেট এলাকায় অভিযান চালানো হয়।

পরে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে নিকটস্থ হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেপ্তারকৃত আসামি মো. নাজিম উদ্দিন ফরিদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় চুরি, ছিনতাই এবং নাশকতা সংক্রান্ত ৭টি মামলার তথ্য পাওয়া গেছে।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার সন্ধ্যার দিকে জানান, গ্রেপ্তার হওয়া আসামিকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি