সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় আমান ফুড প্রোডাক্টস এণ্ড রফিক ফুড প্রোডাক্টসের কারখানায় অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কারখানা দুটিতে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের সেমাই উৎপাদন; খাদ্যপণ্য লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ব্যতিরেকে অসম্পূর্ণ ও অসত্য লেবেলিংসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হয়।
ফলে প্রতিষ্ঠান দুটির মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ও ৪১ ধারানুযায়ী ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা বলেন, জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চসিকের স্যানিটারি ইন্সপেক্টর এবং বাকলিয়া থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


