back to top

কক্সবাজারের ৫ম পৌরসভা হতে যাচ্ছে পেকুয়া

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:১৪

দেশজুড়ে ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে কক্সবাজার জেলার পঞ্চম পৌরসভা হিসেবে পেকুয়া গঠনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে।

এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পেকুয়া উপজেলা প্রশাসন জোর তৎপরতা শুরু করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা সদর ও সংলগ্ন এলাকায় প্রস্তাবিত পৌরসভার সম্ভাব্য প্রশাসনিক সীমানা নির্ধারণের জন্য সীমানা যাচাই-বাছাই সমীক্ষা পরিচালিত হয়।

জেলা প্রশাসকের আদেশে এ কার্যক্রমের নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম।

ইউএনও মাহবুব আলম একটি গণমাধ্যমকে জানান, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ অনুসারে পেকুয়া পৌরসভা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সীমানাসহ প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। সে অনুযায়ী আমরা কাজ শুরু করেছি।

খুব দ্রুত সময়ের মধ্যে পৌরসভার কার্যক্রম শুরু হবে। আশা করছি আগামীকাল বা পরবর্তী কয়েক দিনের মধ্যে বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।”

সমীক্ষায় সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয়, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২০০১ সালে যোগাযোগ প্রতিমন্ত্রী থাকাকালীন পেকুয়া উপজেলা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

নির্বাচনী প্রচারণায় তিনি পেকুয়াকে পৌরসভায় রূপান্তরের ঘোষণা দিয়েছিলেন। দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক দিনের মধ্যে এ প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ পাচ্ছে।

সূত্র জানায়, পেকুয়া সদর ইউনিয়নকে কেন্দ্র করে এ পৌরসভা গঠিত হবে। এছাড়া চকরিয়া-পেকুয়া এলাকায় নতুন উপজেলা (মাতামুহুরী) ও কয়েকটি ইউনিয়ন গঠনের প্রক্রিয়াও চলমান রয়েছে, যা স্বরাষ্ট্রমন্ত্রীর আধা-সরকারি পত্রের মাধ্যমে শুরু হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি