back to top

চট্টগ্রামে পৃথক অভিযানে ৬ লক্ষ ৮৩ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:৫৯

সিটিজি নিউজ টুডে: পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরীতে জেলা প্রশাসনের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে বাজার মনিটরিং কার্যক্রম, মোবাইল কোর্ট ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর গোলপাহাড় মোড়, কাজীর দেউরি বাজার,চকবাজার, বাকলিয়া ও চাক্তাই এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

এরমধ্যে গোলপাহাড় মোড় ও কাজীর দেউরি বাজার এলাকায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সদর সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা, সুব্রত হালদার এবং তামজীদুর রহমান।

অভিযানকালে মূল্য তালিকা হালনাগাদ করে প্রদর্শন না করা, ক্রয় রসিদ সংরক্ষণ না করা এবং কৃষি বিপণন লাইসেন্স না থাকার অপরাধে ৩ (তিন) টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী মোট ষোল হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।

এ সময় চট্টগ্রােরে কৃষি বিপণন কর্মকর্তা, কাজীর দেউরি বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে নগরীর চকবাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) বাকলিয়া সার্কেল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।

এ অভিযানে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্য প্রস্তুতকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং খাদ্যপণ্য (মাওয়া) লেবেলিংয়ে নির্ধারিত বিধি অনুসরণ না করার মতো একাধিক অনিয়ম পরিলক্ষিত হয়।

ফলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে তিন লক্ষ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

এ কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চকবাজার থানা ও সিএমপি’র একটি টিম সার্বিক সমন্বয় করেন।

এছাড়াও নগরীর রাজাখালী চাক্তাই বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) চান্দগাঁও সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস।

অভিযানকালে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, বিএসটিআই আইন, ২০১৮, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক ৩ (তিন) টি মামলায় মোট তিন লক্ষ ষাট হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা, চট্টগ্রাম, চাক্তাই বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

জেলা প্রশাসন থেকে বলা হয়, রমজান মাসব্যাপী নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও ভোক্তা স্বার্থ সংরক্ষণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি