সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় অবস্থিত আবুল খায়ের ষ্টীল (একেএস) মিলস কারখানায় ডাকাতি ও হামলা ভাংচুরের ঘটনায় জড়িত ৭ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনায় এজাহারভূক্ত ৭ আসামী গ্রেপ্তার হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. জামাল (৩৮), রমজান আলী (২৮), মো. রনি (২০), মো. এছহাক (৪৮), আরশাদুর রহমান (২০), মো. আলাউদ্দিন (৪৮) ও মো. খোকন (৩০)।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল এ তথ্য নিশ্চিত করে জানান, আবুল খায়ের ষ্টীলে ডাকাতির উদ্দেশ্যে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় মিল কর্তৃপক্ষ মামলা দায়ের করলে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ।
শনিবার রাতে বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে এজাহারভূক্ত ৭ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে রবিবার কোর্টে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গভীর রাতে সীতাকুণ্ডের শীতলপুরস্থ আবুল খায়ের ষ্টিল মিলে ৩০-৪০ জনের বিশাল ডাকাত দল হানা দিয়ে ৫ জন নিরাপত্তারক্ষীকে জখম ও কারখানার বিভিন্ন স্থাপনা ভাঙচুর শেষে ২০ হাজার টাকা লুটে নেয়।
পরে গ্রামবাসী ও কারখানার লোকজন যৌথভাবে ডাকাতদের প্রতিরোধ করে।
এ ঘটনায় শুক্রবার রাতে কারখানা কর্তৃপক্ষ সুনির্দ্বিষ্ট ১০ জনসহ অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে শনিবার রাতে পুলিশ উপরোক্ত ৭ জনকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


