back to top

পুলিশের অভিযানের সময় ইয়াবা চিবিয়ে খেয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬ ১৮:২৬

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামে পুলিশের অভিযানের সময় ইয়াবা চিবিয়ে খেয়ে দিদারুল আলম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে খুলশী থানার আমবাগান এলাকার আনসার ক্লাব এলাকায় পুলিশের অভিযানের সময় এ ঘটনা ঘটে।

গতকাল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে বিষয়টি প্রকাশ্যে আসে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক যুবক মাটিতে গড়াগড়ি করছেন।

তিনি যন্ত্রণায় এপাশ-ওপাশ করে মাটি চাপড়াচ্ছেন এবং অসংলগ্ন কথাবার্তা বলছেন। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আমার দুটা বাচ্চা আছে স্যার’।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক ও খুনের মামলার আসামি দিদারুল আলমকে গ্রেপ্তারের চেষ্টা করে পুলিশ।

অভিযানের বিষয়টি টের পেয়ে তিনি নিজের কাছে থাকা ইয়াবা বড়ি চিবিয়ে খেয়ে ফেলেন।

অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে নগরী আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, নিহতের বিরুদ্ধে আগে থেকেই খুন ও মাদকের একাধিক মামলা রয়েছে।

ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর দিদারের মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্ট হবে।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, এ ঘটনায় খুলশী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি