চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইয়াজ মল্লার বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম মোহাম্মদ শহিদুল ইসলাম (২৫)। সে ওই এলাকার আহম্মাদ ছাপার ছেলে। সে পেশায় দিনমজুর। পরিবারে আছে ৪ বোন। সে পরিবারের একমাত্র ছেলে। বাকি চার বোনের মধ্যে একজন শুধু বিবাহিত।
আরও পড়ুন
স্থানীয় মো. দিদার হোসেন বলেন, শহীদুলের নির্মাণাধীন ঘরে মিস্ত্রিদের সহযোগিতা করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর কয়েক ঘন্টা আগেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও আপলোড করেছিল নিহত শহিদুল।
ভিডিওতে বলেন, ‘মানুষ কতই না অদ্ভুত; একবার চিন্তা করে না আগামীকাল বাঁচবে কিনা! চিন্তা করে কাকে কিভাবে ঠকানো যায়। এটাই হল মানুষ-রুপী বাস্তব জীবনের কথা।’
ভিডিও পোস্টের মাত্র তিন ঘন্টার মাথায় শহিদুলের মৃত্যুর খবরে পরিবার ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


