back to top

চট্টগ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনকালে অর্থমন্ত্রী যা বললেন

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ১২:০৩

সিটিজি নিউজ টুডে : সঠিক নেতৃত্ব ও সদিচ্ছা থাকলে অল্প সময়েই বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব। এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রামের পতেঙ্গায় চট্টগ্রাম বিমানবন্দর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যেই এই কর্মসূচি চালু করে একটি উদাহরণ তৈরি করেছে।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সুফল যেন শুধু সীমিত কয়েকজন মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আমীর খসরু বলেন, “রাষ্ট্রের সুফল শুধু উপরের স্তরের মানুষ ভোগ করবে আর বাকিরা বঞ্চিত থাকবে— এমন অর্থনীতি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। পিছিয়ে পড়া সাধারণ মানুষই হবে অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু।”

প্রথম ধাপে হতদরিদ্রদের এই কর্মসূচির আওতায় আনা হলেও পর্যায়ক্রমে দরিদ্র, নিম্নআয়ের মানুষ এবং ভবিষ্যতে মধ্যবিত্তদেরও এই সুবিধা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

তিনি বলেন,“এই প্রকল্পে কোনো ধরনের দলীয়করণ নেই। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রকৃত প্রাপকদের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।”

অনুষ্ঠানে আরও জানানো হয়, দরিদ্র কৃষকদের প্রায় বারো হাজার কোটি টাকার ঋণ মওকুফ করা হয়েছে।

এছাড়া নারী প্রধান পরিবারগুলোকে আর্থিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসাসেবার মতো বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার।

অনুষ্ঠানে মোট পাঁচ হাজার পাঁচশত পঁচাত্তরটি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি