সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লটমনি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- জাহেদা আক্তার (১৪) ও আব্দুল মালেক (৩)। তারা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. হাসান ও হালিমা আক্তারের সন্তান।
জানা গেছে, নিহত জাহেদা আক্তার ও আব্দুল মালেক মা-বাবার সাথে ইটভাটায় শ্রমিকদের থাকার অস্থায়ী বসতঘরে থাকতো। বসতঘরটি পলিথিন কাগজ দিয়ে মোড়ানো ছিল।
মা-বাবা কাজে যাওয়ার পর নিহত শিশু জাহেদা ও মালেক খেলার ছলে বসতঘরের পাশের কিছু খড়কুটোয় আগুন দিয়ে কক্ষে ঢুকে যায়। এর পর আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়লে ভাই-বোন আগুনে পুড়ে মারা যায়।
সাতকানিয়া ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কুতুবী জানান, সাধনপুর ইউনিয়নের জেএমবি ব্রিকসের শ্রমিকদের অস্থায়ী বসতঘরে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর দুই শিশুর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, আজ বিকেলে বাঁশখালী-সাতকানিয়া সীমান্তবর্তী সাধনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড লটমনি এলাকায় আগুনে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
পরে খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবংআইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



