অর্থনীতি ডেস্ক : সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ আইয়ুব মিয়া।
সোমবার (১৬ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন।
মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, ব্যক্তিগত কারণে তিনি সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিচ্ছেন।
আরও পড়ুন
উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর তাকে এই ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
তারল্য সংকটে থাকা এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে।
ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা।
এই পরিশোধিত মূলধনের মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা জোগান দিয়েছে এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার থেকে আসার কথা রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


