back to top

জিয়া-খালেদার কবরের ওপর উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা!

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬ ০৪:১০

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে এক অভাবনীয় ও শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে।

পবিত্র ঈদের দিন (শনিবার, ২১ মার্চ) বিকেলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরের ওপর উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বাংলাদেশ সংবাদ

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ওই যুবক হঠাৎ করেই মাজারের সংরক্ষিত এলাকায় প্রবেশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই যুবক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরের ওপর আছড়ে পড়ছেন এবং সেখানে গড়াগড়ি দিচ্ছেন।

একপর্যায়ে তিনি নিজের কাছে থাকা ব্লেড দিয়ে নিজের শরীরে আঘাত করতে শুরু করেন।

ঘটনার আকস্মিকতায় সেখানে উপস্থিত সাধারণ মানুষ ও দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধারে এগিয়ে যান।

ঘটনাস্থলে দায়িত্বরত উপসহকারী পরিদর্শক (এএসআই) কাজী মুস্তাফিজ ঘটনার ভয়াবহতা বর্ণনা করে জানান, “ওই যুবক জিয়া উদ্যানে ঘুরতে এসে হঠাৎ মাজারের ওপর উঠে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান।

তিনি নিজের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে পোঁচ দিয়ে ক্ষতবিক্ষত করেন। একপর্যায়ে তিনি নিজের গলাও কাটতে চেয়েছিলেন। আমরা দ্রুত তাকে টেনে-হেঁচড়ে সেখান থেকে সরিয়ে নিই এবং উদ্ধার করি।”

পুলিশ ও উপস্থিত জনতার প্রচেষ্টায় যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

যুবকের পরিচয় এবং কেন তিনি এমন চরম পথ বেছে নিতে চেয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে বিপর্যস্ত থাকতে পারেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আর এস পি