back to top

রাঙ্গুনিয়ায় সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬ ২১:১৩

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী ওসমান (৪২) ও তার মা আছিয়া বেগম (৭০) দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন।

রবিবার (২২ মার্চ) রাত ৮.১০টায় বাড়িতে ঢুকে দুষ্কৃতকারীরা এলোপাতাড়ি গুলি করেছে বলে নিশ্চিত করেছেন বিএনপি নেতা ওসমানের পিতা রশিদ আহমদ। দুর্বৃত্তদের হামলায় তিনিও আহত হয়েছে বলে জানান তিনি।

ওসমানের বাবা রশিদ আহমদ জানান, চারজন সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আমার ছেলে ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হয়। তাকে বাঁচাতে গেলে আমার স্ত্রী আছিয়া বেগমও দুই পায়ে গুলিবিদ্ধ হন।

তাদের প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ওসমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ওসমানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন আহমদ বলেন, জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী কামালের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরাও এলাকায় অবস্থান নিয়েছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে।