back to top

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ০৫:৫২

বিশ্ব ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবারের এই ভয়াবহ দুর্ঘটনার পর নিরাপত্তার খাতিরে শোধনাগার সংলগ্ন এলাকার বাসিন্দাদের দ্রুত ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এর কম্পনে আশপাশের অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে।

বিস্ফোরণটি ঘটেছে মার্কিন তেল-গ্যাস জায়ান্ট ‘ভালেরো’ কোম্পানির মালিকানাধীন একটি শোধনাগারে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, শোধনাগার থেকে বিশালাকার আগুনের শিখা আকাশে ছড়িয়ে পড়ছে এবং পুরো এলাকা কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দের মাধ্যমে বিস্ফোরণটি ঘটে, যা মাইলের পর মাইল দূর থেকেও অনুভব করা গেছে।

বিস্ফোরণের পরপরই পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি বিভাগ থেকে একটি বিশেষ সতর্কতা জারি করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ভালেরো শোধনাগারে দুর্ঘটনার প্রেক্ষিতে সংলগ্ন এলাকার বাসিন্দাদের জনস্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে চলে যেতে হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, ভালেরো কোম্পানি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে যে, শোধনাগারে কর্মরত সব কর্মীর সন্ধান পাওয়া গেছে এবং বর্তমানে কেউ নিখোঁজ নেই।

কোম্পানিটি দাবি করেছে, তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান অগ্রাধিকার। তবে কী কারণে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

টেক্সাসের গুরুত্বপূর্ণ শহর হিউস্টন থেকে প্রায় ৯০ মাইল পূর্বে অবস্থিত এই পোর্ট আর্থার শোধনাগারটি।

প্রতিদিন ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধনের ক্ষমতাসম্পন্ন এই প্ল্যান্টটি গ্যাসোলিন, ডিজেল এবং জেট ফুয়েলের মতো প্রয়োজনীয় জ্বালানি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৮০০ জন নিয়মিত কর্মীর এই বিশাল কর্মক্ষেত্রে বড় ধরনের এই বিপর্যয় জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি