back to top

বাঁশখালীতে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে হামলা: নারীসহ আহত ৯

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ০৬:২৪

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় পূর্ব বিরোধ ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে।

এতে নারীসহ অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (২২ মার্চ) বিকাল আনুমানিক আড়াই ঘটিকার সময় গন্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ছৈয়দুল আলমের বসতবাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

পূর্ব পরিকল্পিতভাবে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

হামলাকারীরা দা, কিরিচ, লাঠি, লোহার রড ও ইট-পাটকেল নিয়ে ছৈয়দুল আলমকে লক্ষ্য করে আক্রমণ করে। এতে তিনি গুরুতরভাবে আহত হন।

তাকে রক্ষায় এগিয়ে এলে তার ভাই, ছেলে ও অন্যান্য স্বজনদের ওপরও হামলা চালানো হয়। এক পর্যায়ে নারী সদস্য রুজি আক্তারের ওপর শ্লীলতাহানির অভিযোগ ওঠে এবং তার স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় একাধিক ব্যক্তি কাটা ও হাড়ভাঙাসহ গুরুতর জখম হন।

আহতদের মধ্যে রয়েছেন— রশিদ আহমদ, মো. বাদশা, তৌফিকুল ইসলাম, রাশেদুল ইসলাম, নুর মোহাম্মদ, মিশকাত, আলমগীর, আবদুল আলীম ও রুজি আক্তার।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কয়েকজনকে সেলাই দেওয়া হয়।

অভিযোগে আবুল কালাম, মো. আক্তার হোসেন, আবুল হোসেন, মোহাম্মদ মিয়া ও মো. ইসমাইলসহ আরও কয়েকজনকে হামলার নেতৃত্বদানকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বাঁশখালী থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি