back to top

নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৪

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ০৬:৪৩

দেশজুড়ে ডেস্ক : নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন—উপজেলার ছোটবাতকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনির হোসেন (২৭) এবং একই এলাকার বাবুল (৩৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে যাত্রী নিয়ে একটি ইজিবাইক লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল।

পথে নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের প্রচণ্ডতায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। তবে ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

আহতদের মধ্যে ইজিবাইক চালক রাব্বি (২২), যাত্রী মিঠুন সাহা (৩৫) ও মজনুকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া রাজিব (৩৫) নামে অপর এক যাত্রীকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।

নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

পলাতক ট্রাকচালক ও সহকারীকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি