বিশ্ব ডেস্ক : মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে উল্লেখ করে ইসরাইলে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে চীন।
দেশটির দূতাবাস বলেছে, নিরাপত্তা ঝুঁকি না নিয়ে যত দ্রুত সম্ভব ইসরাইল ত্যাগ করা অথবা চীনে ফিরে যাওয়া উচিত।
সামরিক আগ্রাসনের জবাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে ইরান।
আরও পড়ুন
সেই সঙ্গে হামলার মাত্রা বাড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও। এমন পরিস্থিতিতে নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানাল চীন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, ইসরাইলে অবস্থিত চীনা দূতাবাসের বরাত দিয়ে বলা হয়েছে- নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে মিশরের সঙ্গে সীমান্তবর্তী তাবা ক্রসিং ব্যবহার করে নতুন একটি উদ্ধার অভিযান আয়োজন করছে চীন সরকার।
দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি, সংখ্যা ও তীব্রতা আরও বেড়েছে।
এতে হতাহতের সংখ্যা এবং সম্পদের ক্ষতি বাড়ছে। অনেকেই সময়মতো বোমা আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে না পারায় হতাহতের ঘটনা ঘটছে।
এছাড়া এখনও যারা ইসরাইলে অবস্থান করছেন, তাদের বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল সামরিক স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে চীনা দূতাবাস।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



