পাকিস্তান হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ১২:০৬

খেলাধুলা ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ যুবারা।

দেশের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই জোড়া গোল করলেন রোনান সুলিভান। আর তাতেই ২-০ গোল ব্যবধানে জিতে সাফের এবারের আসর শুরু করল লাল-সবুজের প্রতিনিধিরা।

পাকিস্তান ম্যাচের আগে থেকেই আগ্রহের কেন্দ্রে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত দুই ভাই রোনান সুলিভান ও ডেকলাইন সুলিভান।

ম্যাচের শুরুতে ডেকলাইনকে না দেখা গেলেও একাদশে ছিলেন রোনান। আর মাঠেই দেখান নিজের শৈল্পিক ফুটবলের কারিশমা।

কিন্তু নিজের সামর্থ্য থাকলেও একা কিছুই করতে পারছিলেন না আমেরিকায় জন্ম নেওয়া এই ফুটবল তারকা।

প্রকৃতপক্ষে গোল সঙ্গী পাচ্ছিলেন না তিনি। প্রথমবার বাংলাদেশের জার্সিতে আসা সুলিভান সতীর্থদের কাছ থেকে ঠিকমতো বলই পাচ্ছিলেন না।

এরপরও দলের অন্যান্যদের সঙ্গে নিজের কানেকশন বাড়ানোর চেষ্টা চালিয়ে যান তিনি।

নতুন কম্বিনেশনে খেলতে নেমে একের পর এক সুযোগ পেলেও গোল আদায় করতে পারছিল না বাংলাদেশ। ফলে গোল শূন্য ব্যবধানেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

বিরতির পরও আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেন বাংলাদেশের ফুটবলাররা। সেই সুবাদে ম্যাচের ৫৩তম মিনিটে প্রথমবার পাকিস্তানের জালে বল পাঠানো সম্ভব হয়।

চোখ ধাঁধানো এক ফ্রি-কিক থেকে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন রোনান সুলিভান। ফলে নিজের অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়ে যান তিনি।

এক গোল করেই থেমে যাননি সুলিভান। ম্যাচের ৬৭তম মিনিটে নিজের করা দ্বিতীয় গোলের মাধ্যমে বাংলাদেশকে দুই গোলের লিড এনে দেন এই তারকা ফুটবলাররা।

বাম প্রান্ত থেকে সতীর্থের করা ক্রস থেকে আসা বল নিখুঁত হেডে পাকিস্তানের গোলরক্ষককে ফাঁকি দেন সুলিভান। এরপর পুরো সময়ে আর কোনো গোল আসেনি। ফলে ২-০ গোল ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এ জয়ের মাধ্যমে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে বাংলাদেশ। টেবিলের এক নম্বরে থাকা বাংলাদেশের সংগ্রহ সর্বোচ্চ ৩ পয়েন্ট।

গ্রুপের অন্য দুই দল ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। অবশ্য পাকিস্তান একটি ম্যাচ খেলেও এখনও মাঠে নামা হয়নি ভারতের।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি